গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের সঙ্গে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের AIS বিভাগের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষার্থীদের প্রত্যাশিত এ চুক্তি বাস্তবায়িত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
চুক্তির আওতায় AIS বিভাগের কোনো শিক্ষার্থী প্রফেশনাল ডিগ্রি অর্জনের লক্ষ্যে CMA কোর্সে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি অব্যাহতি পাবেন। ফলে শিক্ষার্থীদের মাত্র ১৪টি কোর্স সম্পন্ন করলেই CMA ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি হবে।
বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে AIS বিভাগের প্রায় একশ শিক্ষার্থী ইতোমধ্যে CMA কোর্সে ভর্তি রয়েছে। নতুন এ চুক্তির ফলে তারা তাৎক্ষণিকভাবে এ সুবিধার আওতায় আসবে। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের সব শিক্ষার্থীও এ সুযোগ ভোগ করতে পারবে।
চুক্তিতে স্বাক্ষর করেন AIS বিভাগের সভাপতি ও বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং ICMAB-এর ভাইস প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIS বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং ICMAB-এর অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।

