ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
রাজধানী ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিষ্পাপ শিশু রামিসা আক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশের সকল ধর্ষক ও শিশু হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং ভাণ্ডারিয়ার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক কর্মী, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব বাদশা জোমাদ্দার, সভাপতি মেহেদি হাসান, সংবাদিক মাইনুল মুন্সি, ছাত্রদল নেতা রুমান সরদারসহ অনেকে।
বক্তারা বলেন, “রামিসার মতো একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংসতা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে। না হলে সমাজে অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে।”
তারা আরও বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, শুধু রামিসা হত্যাকাণ্ডের বিচার নয়, দেশের সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা নির্মূলে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

