Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে মাসব্যাপী ফুটবল খেলা উপভোগ, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মাসব্যাপী ফুটবল খেলা উপভোগের আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন-এর সঞ্চালনায় এবং বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ইসমত দোহা হিটলার, ট্রাস্টের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট যে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারও পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং বাঁশকান্দা গ্রামকে আলোকিত করার লক্ষ্যে জনস্বার্থে পাঁচটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আমরা একটি গ্রাম থেকে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছি, যা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গ্রামে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের খেলা যেন এলাকাবাসী নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সেজন্য প্রয়োজনীয় নিরাপদ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।