কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মিষ্টির দোকান ও একটি খাবারের হোটেলকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সাচার বাজারের মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ সুইটমিট, ইসলামিয়া সুইটমিট, জগন্নাথ মিষ্টি ভান্ডার কারখানা এবং খাবারের বন্ধু হোটেলে তদারকি করা হয়। এ সময় চারটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা এবং একটি খাবারের হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, খাবারে ভেজাল এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা, বাজার ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, “প্রত্যেক মিষ্টির হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি মিষ্টির দোকান ও একটি খাবারের হোটেলকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

