নোয়াখালী প্রতিনিধি
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।
সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ও ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আপনারা যদি প্রধানমন্ত্রীকে বারবার জিজ্ঞেস করেন তার সবচেয়ে প্রিয় বিভাগ কোনটি, তিনি বলবেন শিক্ষা—বারবারই বলবেন শিক্ষা।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, মাদরাসা শিক্ষকদের বেতন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা রয়ে গেছে। অনেক শিক্ষক সময়মতো বেতন পাচ্ছেন না। ২০১৭ সালে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইটিএফ) প্রকল্প নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।
মাদরাসা শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা জরুরি।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে সকালে কেক কাটা, পায়রা উড়ানো ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

