Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দখল-দূষণে অস্তিত্ব সংকটে কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানাগর খাল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানাগর প্রবহমান খাল। স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার ফলে খালটি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়।

সরেজমিনে দেখা যায়, শতবর্ষী এ খালের দুই পাড়জুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। কেউ টিনশেড ঘর নির্মাণ করেছেন, কেউ খালের ওপর আরসিসি পিলার দিয়ে পাকা দোকান কিংবা বহুতল ভবন তুলেছেন। ফলে খালটি কোথাও সরু নালায় পরিণত হয়েছে, আবার কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় রহিমানাগর খাল ছিল এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে দখল ও অব্যবস্থাপনার কারণে খালটি এখন প্রায় মৃতপ্রায়। কৃষিকাজেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

এছাড়া রহিমানাগর বাজারের মাংস, মুরগি, সবজি এবং পান-সুপারি বাজারসহ আশপাশের এলাকার পচনশীল বর্জ্য খালে ফেলা হচ্ছে। এতে খালের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

রহিমানাগর বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “এই খাল একসময় আমাদের ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে এটি দখল ও দূষণে ভরাট হয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দ্রুত খালটি পুনঃখনন ও দখলমুক্ত করা প্রয়োজন।”

স্থানীয়রা খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুনঃখননের মাধ্যমে খালটির নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, “উপজেলাজুড়ে খাল পুনঃখননের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় শিগগিরই খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরেই রহিমানাগর খাল পুরোপুরি দখল হয়ে তার ঐতিহ্য হারাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।