এ.কে.অলক – মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
বুধবার উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া আবাসন এলাকায় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মৌলভীবাজার রাডার ইউনিট ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বন্যাকবলিত পরিবারের মধ্যে শুকনো খাবার, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, চিকিৎসা উপকরণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর উদ্যোগে দুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিমান বাহিনীর সদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন। চিকিৎসা শিবিরে স্থানীয় অনেক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার রাডার ইউনিটের অন-সাইট কমান্ডার চৌধুরী আব্দুল্লাহ আল আমীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যার দুর্যোগময় সময়ে বিমান বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

