মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণসহ চার দফা দাবিতে গণবিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাগানের বিভিন্ন সেকশনে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে শ্রমিকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
শ্রমিকদের অভিযোগ, বর্তমান মজুরি ও সুযোগ-সুবিধা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়লেও সেই তুলনায় তাদের আয় বাড়েনি। ফলে দীর্ঘদিন ধরে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মজুরি কাঠামো চা শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে পারছে না। শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনযাত্রার মান বিবেচনায় দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
এ সময় শ্রমিকরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ ইনক্রিমেন্ট সংক্রান্ত গেজেট বাতিল, চা শ্রমিকদের স্থায়ী ভূমি অধিকার নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু শ্রমিক ইউনিয়ন (সিবিএ) নির্বাচন আয়োজন।
শ্রমিক নেতারা বলেন, দেশের বিভিন্ন চা বাগানে একই দাবিতে আন্দোলন চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধি সংক্রান্ত গেজেট বাতিল, ভূমি অধিকার নিশ্চিতকরণ এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

