ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের সঙ্গে থাকা বাবা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার জমিলাপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১০)। আহত হয়েছেন নুসাইফার বাবা শাহিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও শাহিন মিয়া একটি মোটরসাইকেলে করে ঘোড়াঘাট পৌর সদর বাগানবাড়ী এলাকায় বড় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেল থেকে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সম্পা বেগম ও তার মেয়ে নুসাইফা আক্তার নিহত হন। গুরুতর আহত হন শাহিন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ট্রাকচাপায় মা ও মেয়েকে নিহত অবস্থায় পাওয়া যায় এবং আহত বাবাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

