মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী জয়নগর-রতনপুর অরক্ষিত রেলগেটের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ৩৫৫ নম্বর পিলারের ৭/৮ অংশের কাছে ৩০০ নম্বর ব্রিজের ওপর রাজশাহী থেকে চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে বিকেলে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর (হিলি) রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তাজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করা না গেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দিনাজপুরে পাঠানো হবে।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে। কেউ কোনো স্বজনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে থাকলে নিকটস্থ রেলওয়ে পুলিশ ফাঁড়ি বা থানায় যোগাযোগ করে মরদেহ শনাক্তে সহযোগিতা করতে পারেন।

