পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় পরিবারের তিন সদস্য ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করার পর দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ট্রাংকের তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনজনকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের জাগানোর পরও তারা অসুস্থ ছিলেন এবং ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। পরে দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা আরও জানান, ঘরের ভেতরে ট্রাংকের তালা ভাঙা এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, ট্রাংকে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের স্বর্ণের কানের দুল ছিল। খোঁজ করে এসব মালামাল পাওয়া যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।’
আমির হোসেনের বড় ছেলে মিরাজ ঢাকায় চাকরি করেন। সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোনে তিনি ঘটনাটি জানতে পারেন। তিনি বলেন, বর্তমানে তার বাবা, মা ও ছোট ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘরে থাকা ৭০ হাজার টাকা ও তার মায়ের স্বর্ণের কানের দুলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন তিনি।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

