অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘ভোল পোয়া’। প্রায় ৩ কেজি ওজনের মাছটি আলিপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে এনে খোলা ডাকের মাধ্যমে ১১ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার সকালে মাছটি আলিপুর মৎস্য বন্দরে আনা হয়। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম মাছটি কিনে নেন। জানা গেছে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এমএস সিফাত’ ট্রলারের মাঝি শাইখুলের জালে মাছটি ধরা পড়ে।
ট্রলারের মাঝি শাইখুল বলেন, “গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ জালে বড় আকৃতির মাছটি উঠে আসে। এত বড় ও দেখতে ব্যতিক্রমী মাছ আগে খুব একটা দেখিনি। জালে এমন মাছ উঠবে, তা আমরা ভাবতেও পারিনি। মাছটি ঘাটে নিয়ে আসার পর এটি দেখতে অনেকেই ভিড় করেন।”
সিফাত ফিসের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, “সাগরে এমন দুর্লভ মাছ পাওয়া আমাদের জন্য আনন্দ ও সৌভাগ্যের বিষয়। মাছটির আকার ও গঠন অন্যরকম। এ ধরনের মাছ ধরা পড়লে জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও উৎসাহিত হন।”
মাছটির ক্রেতা মো. রাকিবুল ইসলাম বলেন, “এ ধরনের মাছ সচরাচর কেনার সুযোগ পাওয়া যায় না। ঢাকার একজন ব্যবসায়ীর অর্ডারের ভিত্তিতে মাছটি কিনেছি। আমার ঢাকার ব্যবসায়ী পার্টনার মাছটি বিদেশে রপ্তানি করবেন বলে জানিয়েছেন।”
বিশেষজ্ঞদের মতে, মাছটির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে এটি পোয়া বা ক্রোকার গোত্রের (Family: Sciaenidae) মাছ বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, মোহনা ও বঙ্গোপসাগরে এ গোত্রের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এদের অনেক প্রজাতি বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ। তবে মাছটির নির্দিষ্ট প্রজাতি নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার বলেন, “মাছটির বড় ও গভীর দেহ, বড় মাথা, প্রশস্ত মুখ এবং রূপালি-ধূসর বর্ণ পোয়া গোত্রের কয়েকটি প্রজাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এটিকে পোয়া মাছ বলে ধারণা করা গেলেও নির্দিষ্ট প্রজাতি নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “গভীর সমুদ্রে এ ধরনের ভোল পোয়া মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি দিক। বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। মাঝে মাঝে বিরল প্রজাতির মাছও জেলেদের জালে ধরা পড়ছে।”
মাছটি দেখতে আলিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে।

