মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম (২৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল ইসলাম দিনাজপুর পৌরশহরের বালুবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দিনাজপুর থেকে জহুরা অটো রাইস মিলের ২৯ টন চালবোঝাই একটি ট্রাক বগুড়া-ট ১১-১৭৫৪ নম্বর নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে গোবিন্দগঞ্জ থেকে টিনবোঝাই ঢাকা মেট্রো-ট ১৩-৪৫২৫ নম্বরের অপর একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। বিজুল বাজার এলাকায় পৌঁছালে ট্রাক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে চালবোঝাই ট্রাকের চালক রাশিদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন—টিনবোঝাই ট্রাকের চালক পার্বতীপুর উপজেলার আমাইল গ্রামের মো. জাকিরুল (৩৫), ফুলবাড়ী উপজেলার বুড়াদোহ গ্রামের মো. মামুন, সাজামাত গ্রামের মো. রাসেল এবং আঁখিঘোটনা গ্রামের আনিসুর (৩৬)। তারা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী টিনবোঝাই ট্রাকটির সঙ্গে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর ও ফুলবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে নিহত চালক রাশিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।
পরে বিরামপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনার কারণে ব্যাহত যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে দুর্ঘটনায় চালবোঝাই ট্রাকটির কয়েকটি চালের বস্তা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ছড়িয়ে-ছিটিয়ে থাকা ও ক্ষতিগ্রস্ত চালের বস্তাগুলো সংগ্রহ করে ট্রাকে তুলে দেন।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

