জাবিপ্রবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিপ্রবিসাস)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যায়যায়দিন এবং ডেইলি টাইমস অব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবির সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ও ডেইলি পাবলিকিয়ানের প্রতিনিধি মিরাজ হোসেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন অনিয়ম তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সাধারণ সদস্য শাহ নেওয়াজ আহমেদ আকাশ বলেন, সাংবাদিকদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সুষ্ঠু সমাধান এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অর্থ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
কার্যকরী সদস্য মো. মিরাজুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে অধিকার হারিয়েছিলেন, সাংবাদিকদের ভূমিকার কারণে তারা অধিকার ফিরে পেয়েছেন। অথচ আজ সুসময়ে এসে সাংবাদিকদের ওপরই হামলা চালানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের দাবির সঙ্গে আমরা পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।
সভাপতি মুসলিম ইবনে রবি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে আমাদের এই মানববন্ধন। প্রশাসন ও সরকারের কাছে দাবি, কালক্ষেপণ না করে তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
মানববন্ধনে জাবিপ্রবি সাংবাদিক সমিতির সহসভাপতি আল শাহারিয়া, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, অর্থ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক মিরাজ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

