ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি বিক্রি ও ব্যাংকিং লেনদেনের সূত্র ধরে ৬০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী রিফাত কবীর বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিশরে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরার পর খামার ব্যবসার সুবাদে উজ্জ্বল মিয়ার সঙ্গে রিফাত কবীরের পরিচয় হয়। সেই সূত্রে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোড়াঘাটে ৫৭ শতক জমি ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়। দলিল সম্পাদনের সময় কিছু টাকা পরিশোধ করা হলেও বাকি ১২ লাখ টাকা দীর্ঘদিনেও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
এজাহারে আরও বলা হয়, গত ৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত বিভিন্ন সময়ে পূবালী ব্যাংকের হিসাব থেকে উজ্জ্বল মিয়ার সোনালী ব্যাংকের হিসাবে আরও ৪৮ লাখ টাকা পাঠান রিফাত কবীর। পরে পাওনা টাকা চাইতে গেলে উজ্জ্বল মিয়া টালবাহানা করেন এবং উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া গত ৮ জুন আসামিরা তাঁর পথরোধ করে মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, প্রতারণার এ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা বলেন, কেউ অপরাধ করলে তিনি যে দলেরই হোন না কেন, তাঁকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।

