বেনাপোল প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিকরা। বন্দরের স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার দাবিতে রোববার সকালে এ কর্মসূচি পালন করেন দুই শ্রমিক ইউনিয়নের হাজারো শ্রমিক।
সকালে বন্দরের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বন্দর এলাকা।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতি ও আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন এ বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। তাই বন্দরের স্বাভাবিক কর্মপরিবেশ ও নিরাপত্তা বজায় রাখা জরুরি।
তারা আরও বলেন, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বন্দরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে শ্রমিক সমাজ তা মেনে নেবে না। বন্দরের স্বার্থ ও শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবার রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং (৮৯১)-এর সভাপতি মাকছুদুর রহমান রেন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

