আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাজমুল ইসলাম (২৬) নামে এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সময় তার কাছে প্রায় পৌনে পাঁচ লাখ টাকা ছিল বলে জানা গেছে। রোববার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
নাজমুল ইসলামের বাড়ি তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। তিনি নজরুল ইসলামের ছেলে।
বিকাশ প্রতিনিধি নিখোঁজ হওয়ার ঘটনায় তার সহকর্মী ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ রানা জানান, “রোববার রাতে নাজমুল ইসলাম রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে টাকা লেনদেন শেষে অফিসে ফেরার পথে নিখোঁজ হন। তার কাছে নগদ প্রায় ২ লাখ টাকা এবং মোবাইল অ্যাকাউন্টে আরও ২ লাখ ৭২ হাজার টাকা ছিল।”
তিনি আরও জানান, “সোমবার সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতর থেকে নাজমুলের মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছি।”
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে অপহরণ করে মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে। ওসি বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং নাজমুলকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।”

