কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পিতা আব্দুল বারেক খান (৫৫)। পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত পিতাকে আটক করেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভ প্রায়ই পিতা-মাতা ও এলাকাবাসীর ওপর হামলা চালাতেন এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেন। ঘটনার দিন সকালে তিনি পিতার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বসতবাড়ি ভাঙচুর করেন। সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে এনে মাকে হুমকি দেন—টাকা না দিলে রাতে মা-বাবাকে জবাই করবেন।
এ খবর পেয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে বলেন আব্দুল বারেক খান। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে নিজেই ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা খুশি বেগম স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, ওসি (তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের একটি দল।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

