Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটের তিন বিভাগে ৬ বছরের BAETE অ্যাক্রেডিটেশন: বৈশ্বিক মানে অগ্রযাত্রার নতুন মাইলফলক

রুয়েট প্রতিনিধি 
এপ্রিল ৩০, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এবং পুরকৌশল (CE)—৬ বছরের জন্য বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE)-এর স্বীকৃতি অর্জন করেছে। এ স্বীকৃতির মাধ্যমে বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচিত হলো।

 

আজ অনুষ্ঠিত BAETE-এর সেক্টোরাল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বীকৃতির মেয়াদের মধ্যবর্তী সময়ে তিন বছর পর একটি পুনর্মূল্যায়ন করা হবে, যেখানে বিভাগগুলোর একাডেমিক অগ্রগতি ও মান যাচাই করা হবে।

রুয়েট সূত্রে জানা যায়, চলতি চক্রে মোট চারটি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও সব ধাপ সফলভাবে সম্পন্ন করলেও BAETE পর্যবেক্ষক দলের মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ায় বিষয়টি আজকের বৈঠকে উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অনুষ্ঠিত পরবর্তী বৈঠকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও স্বীকৃতি পাবে।

এই অর্জনের ফলে স্বীকৃত তিন বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপ প্রাপ্তি এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রম আধুনিকায়ন ও শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাকর্ডের মতো আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হলে এই অ্যাক্রেডিটেশন রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক পেশাগত স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা এই অর্জনকে রুয়েটের একাডেমিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন এবং এটিকে অন্যান্য বিভাগগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।