রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও দিকনির্দেশনা প্রদান উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল থেকে তিন ধাপে অনুষ্ঠান পরিচালিত হয়। সকাল ৮টা ৩০ মিনিটে পুরকৌশল অনুষদ, সকাল ৯টা ৫০ মিনিটে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং সকাল ১১টা ১০ মিনিটে যন্ত্রকৌশল অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে পৃথক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, দপ্তর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নবীন শিক্ষার্থীদের রুয়েট পরিবারে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশের গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। একইসঙ্গে র্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়ন এবং স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে চলেছেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা বিশ্ববিদ্যালয় জীবনের শৃঙ্খলা, একাডেমিক উৎকর্ষ, গবেষণা, নৈতিকতা এবং সহশিক্ষা কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি র্যাগিং, বুলিং ও যেকোনো ধরনের অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, আবাসন সুবিধা, আধুনিকীকরণ প্রক্রিয়া এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়।
নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের শিক্ষার্থী আলমাস হোসেন আদিব অনুভূতি প্রকাশ করে বলেন, গ্রামের বাড়ি থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সিনিয়র-জুনিয়রদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১০ মে থেকে প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, এ আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত হতে এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

