বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় কুকুরের ধাওয়া থেকে প্রাণ বাঁচাতে লোকালয়ে ঢুকে পড়েছে একটি মায়াবী হরিণ। পরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের একটি দল হরিণটিকে উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে হরিণটিকে আশ্রয় নিতে দেখা যায়। সুন্দরবনসংলগ্ন এলাকা হওয়ায় ধারণা করা হচ্ছে, এলাকা থেকে পথ হারিয়ে হরিণটি লোকালয়ে চলে আসে। তবে এটি কোনো চোরাকারবারির কাছ থেকে পালিয়ে আসতে পারে কি না, তাও খতিয়ে দেখছেন স্থানীয়রা।
হরিণটিকে প্রথম দেখতে পান স্থানীয় যুবক আসাদুল। তিনি জানান, সকালে মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুর হরিণটির পেছনে ধাওয়া করছিল। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে হরিণটি একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা জাল কেটে সেটিকে মুক্ত করেন। এরপর আতঙ্কিত অবস্থায় হরিণটি দৌড়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে আশ্রয় নেয়।
বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, হরিণটি অত্যন্ত ভীত অবস্থায় ছিল। কুকুরের তাড়া খেয়ে তার বাড়ির পুকুরপাড়ে এসে পড়ে। পরে তিনি বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে -এর জ্ঞানপাড়া বিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় উৎসুক জনতা ভিড় করে ঘটনাস্থলে।
বন বিভাগের জ্ঞানপাড়া বিটের বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী জানান, উদ্ধার হওয়া হরিণটি বর্তমানে কিছুটা অসুস্থ। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর সেটিকে পুনরায় -এ অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে লোকালয়ে আনা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

