নোয়াখালী প্রতিনিধি
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নোয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বিএনএ নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লা ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ নুরুল আলম।
আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং দক্ষ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় নোয়াখালী জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়।

