আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে নার্সিং সুপারভাইজার ভানু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।
এ সময় আরও বক্তব্য দেন আরএমও ডা. শিশির কুমার গাইন এবং ডা. মিরন হালদার। বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি উন্নয়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে দিবসটির উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় নার্স আভা করাতী, প্রিয়াংকা তালুকদার, নিপা বৈরাগী, রেবা হালদার, মাধবী লতা রাজিব, আরতী মধু, দিপালী মন্ডল, মাধবী গাইন, সুনন্দা বৈদ্য, তাহমিনা খানম, মার্টিনা হেম্রম, সঙ্গীতা বৈরাগী, পাপিয়া বাড়ৈ, বিলাসী বালা, বিথীকা মন্ডল, ইতি বৈরাগী, পলি বৈদ্য, মৃদুলা সরকার, পূর্ণিমা হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

