হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারগুলোতে শোকের মাতম চলছে।
মঙ্গলবার(১২ মে) দুপুরে উপজেলার চরইশ্বর ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশু-কিশোর’রা হলেন- চর ঈশ্বর ইউনিয়ন ৬নং ওয়ার্ড খাসের হাট সংলগ্ন পাপন চন্দ্র কাঁহারের ছেলে বর্ণব কাঁহার এবং পৌরসভা ৩নং ওয়ার্ড ওছখালী পুরান বাজার সংলগ্ন মনিরের ছেলে রাব্বি(১১)।
পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বর্ণব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পাশের এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
একই সময় ১১ বছর বয়সী কিশোর রাব্বি সাতার না জানার কারণে পানিতে পড়ে মারা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।
এ নিয়ে গত ১০ দিনে হাতিয়ায় পানিতে ডুবে অন্তত ৬ জন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১১ মে উপজেলার সোনাদিয়া ইউনিয়ন-এর সেকু মার্কেট সংলগ্ন এলাকায় ফরিদ মিস্ত্রির ৫ বছরের ছেলে সাইমন উদ্দিন সামিমের মরদেহ বাড়ির পশ্চিম পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। একই দিন চরকিং ইউনিয়ন ভবের বাজার সংলগ্নে আরও এক শিশু পানিতে পড়ে মারা যায়।
এর আগে ৯ মে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ছদরী (চৌধুরী) মিস্ত্রির বাড়িতে পুকুরে পড়ে ৭ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়।
এছাড়া, গত সপ্তাহে একই এলাকার সারোয়ার মাস্টারের দুই বছরের শিশুপুত্র পানিতে ডুবে মারা যায়।
একের পর এক পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সচেতন নাগরিকরা শিশুদের প্রতি বাড়তি নজরদারি ও বাড়ির আশপাশের পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন।

