Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর ছাগলনাইয়ায় খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ফেনী প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী। তিনি হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেত্রাবাগ শিলুয়া গ্রামের বাসিন্দা কাজী নুরুল আফছারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, পরীক্ষার হলে খাতা দেখতে না দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিব হোসেন একই কেন্দ্রের পরীক্ষার্থী। তিনি গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

আহত আশ্রাফী জানান, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে বসেছিল রাকিব। পরীক্ষার সময় রাকিব তার খাতা দেখতে চাইলে তিনি তাতে রাজি হননি। এ নিয়ে পরীক্ষাকেন্দ্রের বাইরে তাকে গালিগালাজও করা হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তিনি মনে করেছিলেন।

তিনি আরও জানান, রবিবার ছিল এসএসসি পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৫ থেকে ৬ জন যুবক তার পথরোধ করে। প্রথমে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ কয়েকজন যুবক আশ্রাফীর ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।

আহতের মা নার্গিস আক্তার বলেন, “আমার ছেলে শুধু খাতা দেখাতে রাজি হয়নি, এজন্য তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিভাবকদের অনেকেই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, কেন্দ্রের আশপাশে পর্যাপ্ত নজরদারি থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার পরিবেশে শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার এবং কিশোরদের মধ্যে সহিংসতা প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।