ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়ানো ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মেলায় নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।
মেলার উদ্বোধন শেষে আলোচনা সভার সভাপতিত্ব করেন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে প্রযুক্তিনির্ভর সেবা এখন মানুষের সময় ও ভোগান্তি কমিয়ে এনেছে। মেলায় এসে মানুষ সরাসরি নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির খায়রুল আবেদীন স্বপন বলেন, ভূমি সেবা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি সেবা। জনগণের দুর্ভোগ কমাতে এবং সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এ ধরনের মেলার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিস গুলো সেবার প্রতি খেয়াল রাখতে হবে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাস্টার দেওয়ান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন প্রমুখ। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় সাধারণ মানুষের জন্য ২টি পৃথক সেবা স্টল চালু করা হয়েছে। এগুলো হলো নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল এবং ভূমি উন্নয়ন কর সেবা স্টল। এসব স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। অনেকেই মেলায় এসে সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারির আবেদন করেন।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় প্রতিদিন সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম, তাৎক্ষণিক সেবা প্রদান ও পরামর্শ সেবা অব্যাহত থাকবে। ছবি: কচুয়ায় ভূমিসেবা সপ্তাহ মেলা বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

