কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কচুয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কচুয়া থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, “প্রত্যেক পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমানে সমাজের প্রায় সব স্তরেই মাদকের প্রভাব ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে এ থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি বলেন, “অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। তারা পড়াশোনা করছে নাকি অন্য কোনো পথে চলে যাচ্ছে, তা খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয়ভাবে সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।”
পুলিশ সুপার আরও বলেন, “স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এলাকাভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে পারেন, যাতে শিক্ষার্থীরা সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী থাকে। এছাড়া প্রতিটি গ্রাম ও মহল্লায় কমিউনিটি পুলিশিং কমিটি সক্রিয় করে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।”
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা এলাকায় বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তাদের তথ্য গোপনীয়তা রক্ষা করে পুলিশের কাছে দিন। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর পুলিশিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরিক, ব্যবসায়ী ফখরুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির জাকির উল্লাহ শাজলী এবং কচুয়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ফরহাদ হোসাইন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

