ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ভবনে থাকা একাধিক এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়ার খোরশেদ ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে পল্লী মঙ্গল, সিদীপ ও গাকসহ কয়েকটি এনজিওর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
গাক এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম জানান, ভোররাত ৪টার দিকে ডাকাতরা ভবনের মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গাক এনজিওর সহকারী হিসাবরক্ষক রাব্বি মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ডাকাতরা ভবনের কয়েকজনকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর একে একে বিভিন্ন এনজিও অফিসে প্রবেশ করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মূল রেকর্ডিং বক্সও কেটে নিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

