ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের সফর আলী ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আহত মোশাররফ হোসেনের ভাষ্য অনুযায়ী, মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের ইকবাল হোসেন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ করেন যুবদল কর্মী মোশাররফ।
অভিযোগ করা হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন, মেহেদী, আবু বক্কর, আবু ইউসুফ, শিহাব উদ্দিন, টিপু, খুরশিদ আলম, জয়, মো. রাসেল ও মো. রাকিবের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল মোশাররফের বসতঘরে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত মোশাররফকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মোশাররফ হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

