বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফোরকান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম নেছার উদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ফোরকান চৌধুরী।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে ফোরকান চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি ফ্যামিলি কার্ডের নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে তার বিরুদ্ধে এস এম নেছার উদ্দিনের নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এসব পোস্টে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
ফোরকান চৌধুরী আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর নলুয়া ইউনিয়নের নবনখালী খেয়াঘাটে ইউনিয়ন পরিষদ কর্তৃক নিয়োগ দেওয়া ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ এবং বিভিন্ন সময়ে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফোরকান চৌধুরী এসব অভিযোগের বিষয়ে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম নেছার উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার ফেসবুক আইডিতে যা দেখেছেন, সেটিই আমার বক্তব্য।”
তার বক্তব্য এভাবে প্রকাশ করা যাবে কি না জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে কোন সংবাদমাধ্যমে কাজ করেন, তা স্পষ্ট না করেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

