আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীর আলোচিত সন্ত্রাসী ও হত্যা-চাঁদাবাজিসহ আট মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে ‘নয়া’কে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদ ওরফে নয়ার অবস্থান শনাক্ত করা হয়।
পরে র্যাবের সহায়তায় পুলিশের একটি দল কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী থানা পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদ ওরফে নয়া হত্যা, চাঁদাবাজিসহ মোট আটটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তার গ্রেপ্তারের খবরে আমতলীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

