পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মিলন কান্তি মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

