Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকের জীবন, গ্রামীণ জনগোষ্ঠী ও পল্লির সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

কর্মসূচির শুরুতে দুপুর ২টা ১৫ মিনিটে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর।

পরে অনুষদীয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র‌্যালিটি বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের হাতে গ্রামীণ জনজীবন ও পল্লি উন্নয়নবিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

র‌্যালি শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ.এ.এম জাকিরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান ড. মনিরা পারভীন মুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন উপাচার্য। একই সময়ে সিরডাপের পক্ষ থেকে ড. পি. চন্দ্র শেখর গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানকে সম্মাননাসূচক উত্তরীয়, ক্রেস্ট ও বই প্রদান করেন।

অনুষ্ঠানে অনুষদের শিক্ষার্থীদের নির্মিত একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর ‘পল্লী উন্নয়ন: জাতীয় অর্থনীতির ভিত্তি’ শিরোনামে কী-নোট বক্তব্য দেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মঞ্জুরুল ইসলাম। পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. পি. চন্দ্র শেখর জাতীয় পল্লী উন্নয়ন দিবসের বহুমুখী গুরুত্ব তুলে ধরে পল্লি উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত হলেই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যেই সিরডাপ সদস্য দেশগুলোর গ্রামীণ জনজীবনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করে যাচ্ছে।

তিনি তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পণ্য প্রক্রিয়াজাতকরণ ও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের দক্ষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম্য জনগণের উন্নতি ছাড়া দেশের প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। পল্লির উন্নয়ন মানে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; বরং মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদার উন্নয়নও এর অন্তর্ভুক্ত। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পল্লির মানুষের পাশে থেকে উন্নত পল্লি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখতে চায়।

উল্লেখ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সহযোগিতার লক্ষ্যে ১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ‘সিরডাপ-আরইইডিএস ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৬’-এ আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় গাকৃবির শিক্ষার্থীদের দল ‘কার্বডিট’। দলটির হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

পরে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬-এর আয়োজন শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।