Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকসই উন্নয়নে CMSME খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (CMSME) খাতের সংকট, সম্ভাবনা ও ঋণের প্রভাব নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেসের উদ্যোগে ‘টেকসই উন্নয়নে বাংলাদেশে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের প্রভাব এবং সম্ভাবনা: প্রেক্ষিত উত্তরবঙ্গ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচ্য বিষয়ের ওপর গবেষণাপত্র ও তথ্যচিত্র উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের পিএইচডি গবেষক মোছাম্মৎ মরিয়ম খাতুন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আনু মুহাম্মদ। গবেষণার তত্ত্বাবধায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আওলাদ হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেসের চেয়ারম্যান ড. নূরুল মোমেন ভূঁইয়া।

সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রের আলোকে উত্তরবঙ্গের পাঁচটি জেলার শিল্প ও উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে CMSME খাতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় CMSME খাতের বর্তমান পরিস্থিতি, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিতে অবদান, উদ্যোক্তা বিকাশ এবং উত্তরবঙ্গের সম্ভাবনাময় শিল্পখাত নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বিশেষজ্ঞ আলোচক ড. আনু মুহাম্মদ বলেন, দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরবঙ্গের সম্ভাবনাময় উদ্যোক্তা ও শিল্পখাতকে কার্যকরভাবে কাজে লাগাতে নীতি সহায়তা, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, এ ধরনের সেমিনার ও মতবিনিময়ের মাধ্যমে গবেষক, শিক্ষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি হয়। একই সঙ্গে উত্তরবঙ্গের CMSME খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণে সরকারকে এগিয়ে আসতে হবে।

গবেষণায় বাংলাদেশের টেকসই উন্নয়নে CMSME খাতে ঋণের প্রভাব ও সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষভাবে উত্তরবঙ্গের প্রেক্ষাপটে এ খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

গবেষণার পটভূমিতে বলা হয়, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে CMSME খাত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। উত্তরবঙ্গেও দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে ভৌগোলিক সীমাবদ্ধতা, জলবায়ু ঝুঁকি এবং শিল্পোন্নয়নে তুলনামূলকভাবে পিছিয়ে থাকার কারণে এ অঞ্চলের CMSME খাতের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

গবেষণায় আরও বলা হয়, প্রয়োজনীয় অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার মাধ্যমে CMSME উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো সম্ভব। বিশেষ করে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করা গেলে এ খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

সেমিনারে উপস্থিত শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা গবেষণাপত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উত্তরবঙ্গের CMSME খাতের উন্নয়নে করণীয় নিয়ে মতামত দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।