পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন। পরে আটক চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান এবং চেকরমারী এলাকার সলেমান আলী।
দুদক সূত্র জানায়, ছদ্মবেশে দীর্ঘ সময় অফিসে অবস্থান করে দালালদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কথোপকথন রেকর্ড করা হয়। দেখা যায়, তারা অফিসের ভেতরে কর্মচারীর ছদ্মবেশে থেকে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দুদক সদস্যরা চারজনকে আটক করে উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসারের সামনে হাজির করেন।
উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হাসান জানান, দালালদের বহুবার সতর্ক করা হলেও তারা প্রতারণা বন্ধ করেনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, আটক চারজনকে থানায় হস্তান্তর করার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দালালচক্র দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাসে অর্থ আদায় করছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

