ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হাজির ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ইসমাইল হোসেন (পৌর শহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে) সোমবার (২৫ আগস্ট) দুপুরে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে নদীতে সাঁতার কাটতে যান। তারা নদীর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে সাঁতার দিয়ে পৌঁছান। পরে আবার দক্ষিণ পাড়ে ফিরে আসার সময় দুই বন্ধু পাড়ে পৌঁছে ইসমাইলকে পাননি। এরপর থেকে তাকে খোঁজা শুরু হয়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ইসমাইলের ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ নদীর ওলির ঘাট এলাকায় পাওয়া গেছে। উদ্ধার অভিযান সকাল থেকে ডুবুরি দলসহ চালানো হচ্ছিল।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করার পর পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

