গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) এবং নবাব আলীর ছেলে রকি মিয়া (২৮)। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, অটোভ্যানটি ৪ যাত্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এসময় চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি আটক করার চেষ্টা চলছে।”

