শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান কালুর অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কের সিংগাবরুনা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী। মানববন্ধনে ইউনিয়নের সাধারণ মানুষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চেয়ারম্যান ফখরুজ্জামান কালু ইউনিয়ন পরিষদে আসছেন না। ফলে ইউনিয়নবাসী সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিষদের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, ফখরুজ্জামান কালু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সবুজ হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত আসামি হিসেবেও তার নাম রয়েছে বলে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল, খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য জুনিয়া ও রাবেয়া, যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৎস্যজীবী দল সভাপতি উমর ফারুক, সমাজসেবক আরিফুর রহমান ও কামরুজ্জামান।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, আফুজল হক, খুররম মিয়াসহ শতাধিক এলাকাবাসী।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একজন জনবিচ্ছিন্ন ও দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিকে আর আমাদের ওপর চাপিয়ে রাখা যাবে না। আমরা দ্রুত তার অপসারণ চাই।”

