সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয়দের অভিযোগ, দেশীয় অস্ত্রসজ্জিত প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।
ভুক্তভোগী চালকরা জানান, রানীরহাট আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরেই ডাকাতপ্রবণ এলাকা। প্রায়ই এ সড়কে ডাকাতির ঘটনা ঘটে। কোহিত তেঁতুলিয়া গ্রামের চালক মো. জহুরুল ইসলাম বলেন,
“আমি বগুড়া থেকে বাড়ি ফিরছিলাম। বেরখালিতে গিয়ে দেখি সামনের গাড়িতে ডাকাতি হচ্ছে। আমি গাড়ি ঘুরিয়ে নিতে চাইলে রাস্তার নিচ থেকে দুইজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে।”
এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন,
“ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুতই ডাকাত চক্রকে আইনের আওতায় আনা হবে।”

