মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার মতিহারায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, মানুষের ভালোবাসা নিয়েই ক্ষমতায় টিকে থাকতে হয়। ক্ষমতায় থাকা ভালো, কিন্তু ক্ষমতা দেখানো কখনোই ভালো নয়। তিনি আরও বলেন, দেশের মানুষ চাই সবচেয়ে ভালো মানুষের পক্ষে ঐক্যবদ্ধ হতে। একজন ভালো মানুষ সেই, যার কর্মীরা জনগণের কাছে সৎ ও যোগ্য হিসেবে পরিচিত। নেতার আসল শক্তি তার কর্মীরা, তারা যদি জনগণের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ায় এবং আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে, তবে জনগণও স্বতঃস্ফূর্তভাবে দলের পাশে দাঁড়াবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন, সেই সম্পর্ক টিকিয়ে রাখুন। রাজনীতি হলো জনগণের সেবা করার একটি মহৎ মাধ্যম। তাই জনগণের ভালোবাসা অর্জন করাই রাজনীতির মূল ভিত্তি।
ডা. জাহিদ হোসেন আরও উল্লেখ করেন, বিএনপি সব সময়ই গণমানুষের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই বিএনপির জন্ম, আর সেই লক্ষ্য পূরণে এখনো দলটি লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি দলের ৪৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির আদর্শ, ত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধাভরে তুলে ধরেন। সভায় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ ৪ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে তারা অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন।
বক্তৃতার ফাঁকে ফাঁকে করতালির মাধ্যমে কর্মীরা ডা. জাহিদ হোসেনের বক্তব্যকে স্বাগত জানান। উল্লেখ্য, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণ করে যে, জনগণ এখনও বিএনপির প্রতি আস্থা ও সমর্থন রাখে।

