উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে রাতে দুর্বৃত্তরা এক কৃষকের লাউক্ষেতের ৩৫০টিরও বেশি লাউগাছ কেটে দিয়েছে। এতে বিপুল ক্ষতির মুখে পড়েছেন কৃষক রহিদুল ইসলাম (৩৮)।
ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল জানান, ধার-দেনা করে তিনি ৫০ শতাংশ জমিতে লাউ চাষ করেছিলেন। গাছে লাউ ধরতে শুরু করেছিল এবং তিনি আশা করছিলেন, বাজারে বিক্রি করে ধার শোধ করবেন। কিন্তু শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে কে বা কারা তার সব গাছ কেটে দেয়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেল। এখন কীভাবে ধার শোধ করব, বুঝতে পারছি না। আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
স্থানীয় কৃষক ইউসুফ আলী বলেন, “রহিদুল একজন ভালো মানুষ। সকালে তাঁর কান্নার আওয়াজ শুনে মাঠে গিয়ে দেখি—সব গাছ কেটে ফেলা হয়েছে। এমন ঘটনা খুবই অমানবিক।”
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

