দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে বিএনপি, অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, শালিসবাজ, ভূমি দখলদার ও মাদক কারবারির জায়গা হবে না। যারা সাধারণ মানুষের ওপর জুলুম করবে, তাদের কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সাবেক এই সংসদ সদস্য তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন। দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা জাকির হোসেন হাওলাদার, মিজানুর রহমান লাল মিয়া, সাইদুর রহমান খান এবং হেলেনা খানম।
আরও উপস্থিত ছিলেন পাংগাশিয়া নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ফেরদৌস আলম, আঙ্গারিয়া নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ জহির উদ্দিন খোকন, বিএনপির নেতা জাহিদুল ইসলাম রুবেল।
সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আবু বকর মোল্লা ও বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন দুলাল। মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

