Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় চুরি হওয়া সেচ পাম্প উদ্ধার, আটক ২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় কৃষি জমির সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও এক পলাতক আসামির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ৩ নম্বর কুর্শা ইউনিয়নের গোপাল এলাকার বাসিন্দা মো. আতিকুর রহমান তার আবাদি জমিতে সেচ কাজের জন্য MARQUIS কোম্পানির ৩ হর্স পাওয়ারের একটি পানির পাম্প ব্যবহার করতেন। পাম্পটির আনুমানিক মূল্য ২৫ হাজার ৫০০ টাকা।

গত ৭ মে সন্ধ্যায় জমিতে পানি দেওয়ার জন্য পাম্প চালু করে রাত সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখতে পান পাম্পটি চুরি হয়ে গেছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় সূত্রে জানতে পারেন, এলাকার মনির হোসেন, আব্দুল মজিদ ও এনামুল হক ডাকু নামের একটি পেশাদার চোরচক্রের সদস্যরা পাম্পটি চুরি করেছে।

এই তথ্যের ভিত্তিতে ৮ মে রাতে হারাগাছ থানাধীন মেনাজ বাজার এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাহাগীলি এলাকা থেকে আব্দুল মজিদকে আটক করে পুলিশ।

আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হারাগাছের মেনাজ বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে একটি ইলেকট্রনিক্স দোকানের পেছনে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় চুরি হওয়া পানির পাম্পটি উদ্ধার করা হয়।

এ সময় আটক দুইজনকে নিয়ে কাউনিয়া থানাধীন ল্যাংরার বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন জানান, এ ঘটনায় আটক দুই আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অপর পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।