ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ২১৫ বস্তা ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরের ওপর উল্টে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে।
শনিবার (৯ মে) সকাল ৬টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে মুনসুর হাওলাদারের পরিত্যক্ত ঘরের ওপর ট্রাকটি আছড়ে পড়ে।
ট্রাকটির নম্বর (যশোর-ট-১১-৫৬৩৭)। চালক ও হেলপারসহ গাড়িটি পটুয়াখালীর আমতলী থেকে যশোরের উদ্দেশ্যে ২১৫ বস্তা ধান নিয়ে যাচ্ছিল।
চালক বাবুল ইসলাম জানান, সারারাত গাড়ি চালানোর কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং ভোরের দিকে হঠাৎ ঘুমিয়ে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে পরিত্যক্ত ঘরের ওপর উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী মো. ছগির ফরাজী বলেন, “হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি ট্রাকটি ঘরের ওপর উল্টে আছে। সৌভাগ্য যে ঘরটি পরিত্যক্ত ছিল, না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।”
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু করা হয়। তবে এ ঘটনায় চালক ও হেলপার অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

