পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে শিশু শ্রম, বাল্যবিবাহ এবং ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে অবহিতকরণ সভা এবং স্থানীয় জনগণের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি অফিসে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। একই দিনে “পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি” স্লোগানে এপি অফিসের আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রুভেন হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধে চলমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে উপস্থাপনা করেন লিন্ডা দফো।
বক্তারা বলেন, শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

