বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার তিনানী পাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন আইয়ুব মণ্ডলের স্ত্রী রোজিনা আক্তার।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা যৌথভাবে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
পরে অভিযুক্ত রোজিনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

