পিরোজপুর প্রতিনিধি
পরনির্ভরশীলতা কমিয়ে কর্মসংস্থানের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে পিরোজপুরে দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক উন্নয়নমূলক সংস্থা Habited Development Trust (HDT)। সংস্থাটির ‘ফুড ফর গুড’ স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলার মাটিভাঙ্গা এলাকার হাফিজুর রহমান (৩০) নামে এক অস্বচ্ছল ব্যক্তিকে একটি আধুনিক খাবারের দোকান উপহার দেওয়া হয়েছে।
আজ (১১ মে) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে হাফিজুর রহমানের কাছে দোকানটি হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অর্থকষ্টে দিন কাটাচ্ছিলেন হাফিজুর। স্থায়ী আয়ের কোনো সুযোগ না থাকায় পরিবারের ভরণপোষণ নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে Habited Development Trust (HDT)। সংস্থাটি তাদের ‘ফুড ফর গুড’ প্রকল্পের মাধ্যমে তাকে শুধু আর্থিক সহায়তাই নয়, বরং একটি পূর্ণাঙ্গ খাবারের দোকান তৈরি করে দেয়, যা তার স্থায়ী আয়ের পথ খুলে দিয়েছে।
হাফিজুর রহমান বলেন, “দোকানটি পেয়ে আমি অনিশ্চিত জীবন থেকে একটি স্বস্তির জীবনে ফিরতে পারব। এখন পরিবার পরিচালনা করা অনেক সহজ হবে। যারা আমাকে এই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Royal Bengal Foundation-এর নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, Babui Social Development Organization-এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান হাছিব, সেক্রেটারি নাইম উদ্দিন আকন এবং Habited Development Trust (HDT)-এর স্বেচ্ছাসেবক মসিউর রহমান শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু একজন ব্যক্তির জীবন পরিবর্তন নয়, বরং সমাজে আত্মকর্মসংস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে।

