Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণের ওপর জোর ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝিনাইদহ প্রতিনিধি
মে ১২, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, তাহলেই তারা সমাজ ও রাষ্ট্রের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে।

মঙ্গলবার সকালে ঝালকাঠি শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্কুলটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, অনেক প্রতিবন্ধী শিশু সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। তাই তাদের অবহেলা না করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানো জরুরি।

জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. রেজাউল হক আজিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছা।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।