ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এর নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগের উদ্বোধন করেন সহকারী অধ্যাপক ডাঃ আরমান বিন আবদুল্লাহ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তানভীর মাহমুদ তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিএমডি ডাঃ ইমাম হোসাইন মামুন, পরিচালক ডাঃ মাহবুব আজিজ সিফাত এবং এনআইসিইউ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ খালিদ সাইফুল ইসলাম।
হাসপাতালের পিআরও এস.এন আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি শেখ আবদুল হান্নান, রাকিব প্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব মোশারফ হোসেন ভূঞাঁ, হাসপাতালের জেনারেল ম্যানেজার কে.এম ইসলামুল হক অনিক এবং সহকারী ম্যানেজার (এডমিন) আবদুল মোতালেব আবির।
বক্তারা বলেন, সোনাগাজীতে আধুনিক এনআইসিইউ বিভাগের যাত্রা নবজাতকদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জটিল স্বাস্থ্যঝুঁকিতে থাকা নবজাতকদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এ বিভাগ কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

