চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় চারঘাট পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
নতুন অর্থবছরের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়ে জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়।
চারঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন উচ্চমান সহকারী ফায়সাল ইসলাম।
পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহউজ্জামান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী রতন কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে ঘোষিত এই বাজেটকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে চারঘাট পৌরসভা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

